বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমি মাপামাপিকে কেন্দ্র করে বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. মোশাররফ হোসেন (৪৬)। তিনি মৃত জুলমত আলীর ছেলে। তিনি নাজিরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোশাররফ হোসেনের সঙ্গে তার আপন ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু করা হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই মোজাম্মেল হোসেন বড় ভাই মোশাররফ হোসেনকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন বলেন, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি একাধিকবার দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *