মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এ দুটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের বকচর এলাকায় একটি ট্রাক পূর্ব থেকেই দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে বাসটির পেছনে থাকা আরেকটি ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা দিলে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় বাস ও ট্রাকে থাকা যাত্রী এবং চালকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *