মোরশেদ মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিপুল নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে।
এমন ঘটনায় চরম উদ্বিগ্ন হয়ে পড়ছে তার স্বজনরা।
বুধবার রাত ৯ টার দিকে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের শাহানুরের বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। অপহৃত বিপুল খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের গ্রামের মৃত এতাজল হক প্রামানিকের ছেলে। স্বজনরা জানায়,বিপুল পেশায় একজন ধান চাল ব্যবসায়ী। স্থানীয় গাছুর বাজারে তার ব্যবসা রয়েছে। বুধবার রাত ৯ টার দিকে বিপুল ব্যবসায়ীক কাজে স্থানীয় গাছুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহানুরের বসত বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আরিফুল ইসলাম সহ একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করেন। এ সময় তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক বিপুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তখন থেকে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে বুধবার রাতে অপহৃত বিপুল ইসলামের ছোট ভাই পাভেল মিয়া বলেন, ভাতগ্রাম ইউনিয়নের খেদাবক্স গ্রামের মৃত সদিয়ার সরকারের ছেলে আরিফুল ইসলাম গংরা টাকা পয়সা লেন দেন নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই জেরে বুধবার রাতে বিপুলকে অপহরণ করেছে তারা। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত তাকে উদ্ধারের দাবি করেন পাভেল মিয়া। এবিষয়ে অপহৃত বিপুলের মেয়ে বিথী আক্তার জানান,আমার বাবাকে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয়েছে।বাবাকে প্রচুর মারধর করেছে আরিফুল গংরা।আমার বাবাকে ফিরে পাবো কিনা আল্লাহ পাক জানে।আমি আমার বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।তিনি আরো বলেন,আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন নাম্বার থেকে আরিফুল নামে এক ব্যক্তি ফোন করে বলে দেড় লাখ টাকা দিলে আমার বাবাকে ছেড়ে দিবে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে অপহরণের পর মুক্তিপন দাবির বিষয় নিয়ে এলাকায় চরম জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
