মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স নদীতীরবর্তী এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আইন অমান্যকারী বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই এসব সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা না যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, “পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে।
