সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার একটি এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। একই অভিযানে অপহরণ মামলার মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার হওয়া অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে বাধা দিলে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও তারা তাকে নিবৃত্ত না করে উল্টো উৎসাহ দেয় বলে অভিযোগ রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরী বাড়ি থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা অভিযুক্তরা তাকে কৌশলে ফুঁসলিয়ে এবং জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২৪ মে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা (নং-১৩৩) দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসি এবং র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির যৌথ আভিযানিক দল ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ২টা ৫ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
