মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
সরকার ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” অংশ হিসেবে শনিবার (১৩ জুন, ২০২৬) রাজশাহীর মোহনপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে মোহনপুর উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশব্যাপী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
