মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাজশাহী কোর্ট একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বৃক্ষরোপণ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরব্যাপী ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচিকে সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মত্তুর্জা মিল্টন ও মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোনায়েম, হাফিজুল ইসলাম আপেল, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোর্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা ও সবুজ নগর গঠনের প্রত্যয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
