মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক অভিযানে মোট ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী ও রাতে পরিচালিত এসব অভিযানে নিয়মিত মামলা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে বড়বাড়ী রোডস্থ ক্যাফে গ্রীণ ভ্যালী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ নাফিউল আখতার (৩৪) এবং মুনতাসির মামুন ওরফে সৌরভ (৪০)। নাফিউল আখতার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর একাধিক ধারায় দায়েরকৃত মামলার আসামী এবং তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অপরদিকে, মুনতাসির মামুন পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার একটি মামলার আসামী।
অপর এক অভিযানে রাত ১টা ২০ মিনিটে শালবন মিস্ত্রিপাড়া হাজীখামার ব্রিজ এলাকা থেকে মোঃ সুমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি প্রকাশ্যে চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার এবং মারমুখী আচরণের মাধ্যমে জনশৃঙ্খলা ভঙ্গ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগের তুলনায় আরও উন্নতি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *