ডেঙ্গুর ভয়াবহতা থেকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে যশোরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ সকালে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. মৌসুমি বিনতে মানিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মাজেদুর রহমান এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, এডিস মশার প্রজননস্থল এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা স্বচ্ছ পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

সচেতনতামূলক আলোচনা শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের আঙিনা ও মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলেই হবে না, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ও মশকমুক্ত পরিবেশ তৈরিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *