নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মো. রাকিব-আর-রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক এস এম হুমায়ুন কবির সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজকে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
