এস এম মনির হোসাইন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে আন্তঃজেলা গরু চোর চক্র। তবে চোর চক্রের বড় একটি চালান ভেস্তে দিয়েছে পুলিশ। উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন থেকে ২৬টি চোরাই গরু জব্দসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

​আজ ২৩ মে (শনিবার) দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দড়িরচর ইউনিয়নের বামনের চর এলাকায় এক সফল অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করে। ​পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা বা কোরবানির ঈদকে টার্গেট করে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে বিক্রির উদ্দেশ্যে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে মজুত করা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। অভিযানে ২৬টি গরু উদ্ধারসহ হাতেনাতে তিন চোরকে গ্রেপ্তার করা হয়। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, দড়িরচর খাজুরিয়া এলাকায় এখনো আরও ৫০টিরও বেশি চোরাই গরু বিভিন্ন ব্যক্তির গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ সেগুলোর সন্ধানেও তৎপরতা চালাচ্ছে। এদিকে একটি স্থানীয় দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মকিম তালুকদারের ইটভাটা সংলগ্ন দাদপুর চরে স্থানীয় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট গড়ে উঠেছে। ওই সিন্ডিকেটটি আসন্ন কোরবানির ঈদে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল সংখ্যক চোরাই গরু সেখানে মজুত করে রেখেছে। উল্লেখ্য, কিছুদিন আগেও এই দাদপুরের চর থেকেই ৭টি চোরাই গরু উদ্ধারসহ ১ জন চোরকে আটক করেছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। একের পর এক চুরির ঘটনা ঘটলেও এবং সাধারণ চোর বা রাখাল আটক হলেও, চোর চক্রের মূল হোতারা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। প্রভাবশালী এই মূল হোতারা অধরাই থেকে যাওয়ায় স্থানীয় খামারি ও সাধারণ জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, চোর চক্রের মূল উপড়ে ফেলতে এবং বাকি চোরাই গরুগুলো উদ্ধার করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *