মোঃ নাসিরউদ্দিন
রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরি সংক্রান্ত মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে মোঃ মতিউর রহমান (৩৫) নামে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চুরি সংক্রান্ত একটি মামলার বাদী ছিলেন সাংবাদিক মতিউর রহমান। মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজন ও সহকর্মীদের।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে আহত সাংবাদিকের নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে
