ময়মনসিংহে দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে স্থানীয় বখাটে রাসেল ও তার সহযোগিদের হামলায় আলতাব আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় বখাটে রাসেলের সঙ্গে মল্লিকের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে রাতে রাসেলের নেতৃত্বে লোকজন এসে মল্লিকের পরিবারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ালে একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় এশার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন আলতাব আলী। ঘটনাটি দেখতে পেয়ে থামাতে গেলে রাসেল ক্ষিপ্ত হয়ে যায়। তখন রাসেলের নেতৃত্বে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, এ ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *