আরিফ রববানী
ময়মনসিংহ
মাদকদ্রব্যের ভয়াবহতা, ক্ষতিকর দিক ও এর বিরূপ প্রভাব এবং প্রতিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে শিক্ষার্থীদের সাথে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সিরতা ইউনিয়নের সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে শিক্ষার্থীদের
মাদকের ভয়াবহতা ও প্রতিকার বিষয়ে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। মাদক সেবনের কারণে একজন শিক্ষার্থীর স্বাভাবিক জীবন, শিক্ষা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং মাদক থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের পাশাপাশি সহপাঠী ও আশপাশের মানুষকেও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে মাদকবিরোধী থিম সং পরিবেশন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সভাপতি, বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। মাদকবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি পরিবার ও সমাজে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *