আরিফ রববানী
ময়মনসিংহ
জ্বালানি সংকট নিরসন এবং ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া তদারকির মাধ্যমে ভোগান্তিমুক্ত রাখতে ময়মনসিংহে একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মিজ সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলার নিটোল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সওদাগর ফিলিং স্টেশন এ অভিযান চালিয়ে উভয় ফিলিং স্টেশনের মজুদ ট্যাংক পরীক্ষা করে বিক্রয়যোগ্য পেট্রোল ও অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি। তবে ডিজেলের মজুদ থাকায় তা দ্রুত বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়, যাতে সাধারণ ভোক্তারা জ্বালানি পেতে পারেন।

অন্যদিকে একই সময়ে ঢাকা বাইপাস এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইজন বাস চালককে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ প্রতিরোধের পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *