হারুন উর রশীদ
জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

সোমবার সকালে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর পলাতক থাকার বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিখোঁজের পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *