পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চলমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরশাদ আলী বিশ্বাসকে অব্যহতি দেয়া হয়েছে। ৩ এপ্রিল বিঅ-৬/৪৪ স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে অব্যাহতি’র বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন,ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন’কে চ্যালেঞ্জ করে অভিভাবক মোঃ হায়দার আলী গত ৫-৯-২০২২ তারিখে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ সময় পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে চলমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।
একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অব্যাহতি’র বিষয়টি সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জ্ঞাত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরশাদ আলী বিশ্বাস জানান,অব্যাহতি সম্পর্কে কিছু জানিনা। এর বিরুদ্ধে আইনী লড়াই করবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী শেখ বলেন,সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি তবে বোর্ডের পরিপত্র অফিসে পৌছায়নি।
