মোঃ নাসির উদ্দিন
স্টাফ
রিপোর্টার
নওগাঁর নিয়ামতপুরে আলোচিত ৪ হত্যাকাণ্ডের মূল রহস্য মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূল তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তির লোভে একটি পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশুও ছিল। এমন নির্মম ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়। পরে পুলিশ অভিযানে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
এছাড়া হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দেওয়ার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তকে এগিয়ে নিচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
