সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে আলোচিত প্রবাসী আলমগীর হোসেন হত্যা মামলায় অভিযুক্ত মোঃ রাজন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

সিপিএসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টা ২০ মিনিটে নান্দাইল থানাধীন কালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাজন মিয়া (২৬) নান্দাইলের বাসিন্দা এবং মামলার অন্যতম অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত প্রবাসী আলমগীর হোসেন (৩০) স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করতেন। এ কারণে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০টার দিকে এজাহারনামীয় অভিযুক্তরা তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর আলমগীর বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে নান্দাইল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ২৭ সেপ্টেম্বর ২০২৫ নান্দাইল থানাধীন সংগ্রামখেলী বাজারের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় তার মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‍্যাব-১৪ জানায়, ঘটনার পর থেকে ছায়াতদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর ছিল তারা। গ্রেফতারকৃত রাজন মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *