বিশেষ সংবাদদাতা

​ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার দীর্ঘদিনের এক রোমহর্ষক খুন মামলার নিষ্পত্তি ঘটাতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কাজিরহাট থানা পুলিশ। গত ২৬ বছর ধরে পলাতক থাকা আপন দুই ভাই-বোনকে, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মেহেন্দীগঞ্জ থানার আজিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম উদ্দিন এবং মেয়ে আসমা বেগম।

​পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জ থানার মামলা নং-জিআর ৭৯/০১-এর আওতায় ৩০২/৩৪ পেনাল কোডের অধীনে ওই দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মামলার রায় হওয়ার পর থেকেই আসামীদ্বয় আত্মগোপনে ছিলেন।

​তদন্তকারী পুলিশ কর্মকর্তা এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে কাজিরহাট থানা পুলিশের একটি দল প্রযুক্তিগত ব্যবহার করে কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের অবস্থান সনাক্ত করে। এরপর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, পলাতক আসামিরা দীর্ঘ ২৬ বছর ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভিন্ন পরিচয় দিয়ে পালিয়ে ছিলেন।

​এটি কাজিরহাট থানা পুলিশের ধারাবাহিক সাফল্যের অংশ। চলতি মাসেই তারা মোট ০৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গত মাসে আরেকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হওয়ায়, গত দুই মাসে মোট ০৪ জন এমন পলাতক আসামী গ্রেফতারের সাফল্য অর্জন করল কাজিরহাট থানা পুলিশ। এই সাফল্য স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *