মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হারাগাছ থানায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হারাগাছ থানাধীন বুড়াই হাজিরপাড়া এলাকার বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকিন (৩৮) জানান, একই এলাকার মোঃ সাহাদুল ইসলাম তার কাছ থেকে প্রায় দুই বছর আগে ১৪ হাজার ৫০০ টাকা ধার নেন। পরবর্তীতে একাধিকবার টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় তাকে তালবাহানা করে আসছিলেন সাহাদুল ইসলাম।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ০৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে হারাগাছ থানাধীন বুড়াই হাজিরপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে অবস্থানকালে সাহাদুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে প্রতিবাদ করলে সাহাদুল ইসলাম পুনরায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করেন।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে আরও লোকজন জড়ো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি পরিস্থিতি থেকে রক্ষা পান।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকিন নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে হারাগাছ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
