রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ভবনের চাবি হস্তান্তর করা হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. শাহরিয়ার ইসলাম শাকিল, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানা যায়, বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষ ভবনটি পরিদর্শন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। নির্মাণকাজ সন্তোষজনকভাবে শেষ হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ রায় কাছে ভবনের চাবি ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তরের মাধ্যমে নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য উন্মুক্ত হলো। নতুন ভবন পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, নতুন ভবনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা কমে আসবে। তারা দ্রুত ভবনটিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।
