মোঃ নাসিরউদ্দিন
স্টাফ
রিপোর্টার
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
দিবসের কর্মসূচির সূচনা হয় বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায়। এ সময় রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম মহানগরীর টিকাপাড়া কবরস্থানে সমাহিত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বীর শহিদ মো. সাকিব আনজুমের কবর জিয়ারত করেন। তিনি শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ৯টায় জেলা প্রশাসকের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়।
পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
