মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

“সরকার উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান এবং স্থানীয় সরকারের সমন্বিত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান আরও উন্নত করা সম্ভব। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নারীর ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রামীণ উন্নয়নকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং টেকসই উন্নয়নের বার্তা জনগণের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়।
স্লোগান: “সরকার উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *