মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ইসলামপুর এলাকায় অবস্থিত ফাতেমা আক্তার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক দায়িত্বশীল ব্যক্তিকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মীয় পরিচয়ের আড়ালে ওই ব্যক্তি পার্শ্ববর্তী এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
অভিযোগ অনুযায়ী, সোমবার ভোরে ফজরের নামাজের পর এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং হাতেনাতে আটক করেন বলে দাবি করেছেন স্থানীয়রা। পরে ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।
