মোরশেদ মিয়া
প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (তারিখ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির আশঙ্কায় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে গেলে আকস্মিক বজ্রপাতে মা-ছেলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এদিকে, একই দিনে ফুলছড়ি উপজেলার চর ফজলুপুর এলাকায় বজ্রপাতে রহিমা বেগম নামে এক নারী আহত হয়েছেন।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ঘটনাটি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
