মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

কেশরহাট পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ৮ নং ওয়ার্ডের হরিদাগাছী গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, হরিদাগাছী গ্রাম থেকে আব্দুর রহিম স্বর্ণকারের বাড়ি হয়ে নামোপাড়া বিল পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। এমনকি বাজার থেকে ভ্যানচালকরাও এই সড়কে আসতে অনীহা প্রকাশ করেন। তাদের অভিযোগ, খারাপ রাস্তার কারণে ভ্যান নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই এ পথে যাতায়াত করতে চান না।
এলাকাবাসীর দাবি, কেশরহাট পৌরসভার উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ৮ নং ওয়ার্ডের রাস্তাগুলোরও উন্নয়ন প্রয়োজন। স্থানীয়দের মতে, পৌরসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বড় একটি অংশ এই গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তার উদ্বোধন হয়েছে প্রায় ৭ মাস আগে, কিন্তু এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। দ্রুত কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
এলাকাবাসী কেশরহাট পৌরসভা কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে একটি চলাচল উপযোগী রাস্তা উপহার দেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *