সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক এজিএস মাহবুবুর রহমান রানাকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চান বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মীরা।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, কারা নির্যাতন ও মামলার শিকার হয়েও মাঠে সক্রিয় থাকা রানা দক্ষ, মেধাবী ও ত্যাগী সংগঠক। ছাত্রদলের সভাপতি থাকাকালীন তিনি সংগঠনকে সুসংগঠিত করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদলের একাধিক নেতা জানান, বর্তমান প্রেক্ষাপটে রাজপথের অভিজ্ঞ, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। সাবেক ছাত্রনেতা রানা আন্দোলনের মাঠ থেকে উঠে আসা নেতা। তার সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং কর্মীদের প্রতি দায়বদ্ধতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ জেলা বিএনপির এক সিনিয়র নেতা বলেন, “মাহবুবুর রহমান রানা বহুবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। মিথ্যা মামলা মাথায় নিয়ে রাজপথে থেকেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার সেতুবন্ধন রয়েছে। যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তার মতো নেতার বিকল্প নেই।”
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় ও বিভাগীয় বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠনের সময় রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা এজিএস মাহবুবুর রহমান রানাকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করবেন। এতে তৃণমূলের কর্মীরা নতুন করে উজ্জীবিত হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে এজিএস মাহবুবুর রহমান রানা বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূলের কর্মীদের ভালোবাসা ও আস্থাকে তিনি সম্মানের সঙ্গে দেখেন। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
