উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পর্নোগ্রাফি মামলায় তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলো, চরহোসেনপুর গ্রামের মানিক মিয়ার পুত্র কিশোর (১৬), সুজন মিয়ার পুত্র কিশোর (১৫) ও নিতাই দেবনাথের পুত্র কিশোর (১৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজ বাসার বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ও অসৎ উদ্দেশ্যে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। মামলার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *