মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও গোপালগঞ্জে স্বাস্থ্যসেবা কার্যক্রমে দেখা গেছে ব্যতিক্রমী ধারাবাহিকতা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের অধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে চালু ছিল চিকিৎসাসেবা।

ছুটির দিনেও জরুরি সেবার পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময়ে ১১টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি ১৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, ঈদের মতো দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন—সে লক্ষ্যেই এই উদ্যোগ। সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, ছুটির সময়েও এমন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের আস্থা বাড়ায় এবং সরকারি সেবার মানকে আরও শক্তিশালী করে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক (সিসি) ডা. শুভ্র দেব হীরার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তাঁদের নেতৃত্বে পুরো বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *