মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
ঈদুল ফিতর উপলক্ষে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে উৎসবটি চলে বিকেল পর্যন্ত, যেখানে নানা আয়োজন ও প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ।
উৎসবের শুরুতেই ছিল উদ্বোধনী অনুষ্ঠান, এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাগুলোর মধ্যে ছিল দৌড়, ফুটবল, ক্রিকেটসহ গ্রামীণ ঐতিহ্যবাহী নানা খেলা, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী এই আয়োজনে কেশরহাট এলাকার মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতেই এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাও ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
