মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিনের বেহাল দশা ও অবহেলার পর অবশেষে কেশরহাট টু কামারগা রোডের দশনপাড়া ও শেহালয় অংশের সংস্কার সম্পন্ন হয়েছে। তবে কোনো সরকারি অর্থায়ন বা প্রশাসনিক উদ্যোগে নয়, সাধারণ পথচারীদের ভোগান্তি কমাতে সম্পূর্ণ নিজস্ব সামর্থ্য ও শ্রমে এ সংস্কারকাজ বাস্তবায়ন করেছেন স্থানীয় যুবসমাজ।
দীর্ঘদিন ধরে রাস্তাটির এই অংশগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে প্রতিদিন এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির দ্রুত মেরামতের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রশাসনিক উদাসীনতায় হাত গুটিয়ে বসে না থেকে জনগণের কষ্ট লাঘবে এগিয়ে আসেন এলাকার তরুণ ও যুবকেরা। ছোট ভাই ও স্থানীয়দের সংগঠিত করে তারা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ও শ্রম দিয়ে রাস্তার ভাঙা ও ঝুঁকিপূর্ণ অংশগুলো আপাতত চলাচলের উপযোগী করে তোলেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের এলাকা ও মানুষের কল্যাণে যুবসমাজ সব সময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে থাকবে। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং তরুণের এমন মানবিক ও জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন।
