আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

হালুয়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বুধবার বিকেলে বিলডোরা ইউনিয়নের পূর্ব নিশ্চিন্তপুর (দিগারকান্দা) এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে। আসামি রফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

গত ১৩ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রফিকুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং মামলা না করতে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় গত ১৫ আগষ্ট থানায় মামলা করেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। এরপর থেকেই আসামি রফিকুল ইসলাম পলাতক।

মানব বন্ধনে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন অভিযোগ করেন, আগেও এমন কর্মকাণ্ড করেছে রফিকুল। তখন প্রভাব খাঁটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। এবার একজন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠায় অবিলম্বে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বাদী বলেন, মামলা করে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আসামি রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ঘটনা জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *