পরিচ্ছন্নতা কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন জেলা প্রশাসক
পরিচ্ছন্ন ও সুন্দর ময়মনসিংহ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ‘#CleanMymensingh’ কর্মসূচির আওতায় জেলার ১৪টি উপজেলা থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ‘DC’s Award for Cleanliness’ পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১৪টি উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং জেলার ১৪টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নতুন অর্থবছরের শুরুতে গৃহীত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘#CleanSunday’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘Lead with Example’—অর্থাৎ উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দিতে হবে। শুধু শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা দিলেই হবে না; শিক্ষক ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নিজেদের হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও নাগরিক দায়িত্ববোধ গড়ে উঠবে।
জেলা প্রশাসক বলেন, ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলার শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য শুধু নির্দিষ্ট কোনো স্থানের ময়লা পরিষ্কার করা নয়; বরং মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি পরিচ্ছন্নতার অভ্যাস ও নাগরিক দায়িত্ববোধ তৈরি করা।
তিনি আরও জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সপ্তাহে একদিন ‘ক্লিন সানডে’ কর্মসূচি এবং বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ময়মনসিংহবাসীর প্রতি পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে জেলার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্ত ১৪ শিক্ষা প্রতিষ্ঠান
‘DC’s Award for Cleanliness’ পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—
১. ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবাউড়া।
২. হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট।
৩. বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়।
৪. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
৫. শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬. চরনিখোলা উচ্চ বিদ্যালয়।
৭. হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল।
৮. গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল।
৯. হাতেমতাই উচ্চ বিদ্যালয়।
১০. ভালুকা সরকারি কলেজ, ভালুকা।
১১. দত্তপাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২. নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩. হলি ফ্যামিলি হাই স্কুল, সদর, ময়মনসিংহ।
১৪. নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
জেলার ১৪টি উপজেলা থেকে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও পরিচ্ছন্নতার ক্ষেত্রে উৎসাহিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষা ও পরিবেশবান্ধব সামাজিক আন্দোলনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকলে ময়মনসিংহে পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ সচেতন একটি প্রজন্ম গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
