মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরেও যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬”। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেলে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল: “আদিবাসী নারীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন এবং বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ প্রকাশ করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা পারগানা, তানোর, রাজশাহী শ্রী সুরেশ টুডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এবং আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, জনাব অধ্যাপক মো: মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আদিবাসীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের জাতীয় সম্পদ। আদিবাসী নারীরা পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার সুরক্ষা এবং মর্যাদা প্রতিষ্ঠায় সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে: তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদিয়া খাতুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনাব মোঃ আব্দুল কাদের (সহকারী সেক্রেটারী, জাতীয় আদিবাসী ফোরাম, রাজশাহী জেলা শাখা), সহ আরও অনেকে। এছাড়াও আদিবাসী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ আনিসুর রহমান (সংগঠন ও প্রচার সম্পাদক, আদিবাসী ফোরাম), শ্রী সর্পনাথ দাস (সম্পাদক, তানোর আদিবাসী ফোরাম), শ্রী গণেশ চন্দ্র কিস্কু সহ অন্যরা।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, যেমন- জাতীয় আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় পারগানা পরিষদ, এবং আদিবাসী নারী ফোরামের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আদিবাসী নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ও গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বক্তারা আন্তর্জাতিক আদিবাসী দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতিরও দাবি জানান।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল: “৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন কমিটি, তানোর, রাজশাহী”। সহযোগিতায় ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় আদিবাসী ফোরামের স্থানীয় শাখা।
