মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, জয়নাল আবেদীন, নাইম ইসলাম, তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, আজিম উদ্দিন সোহাগ, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
