মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ অতিথিরা আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *