মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ভুল সংশোধনের উদ্যোগ নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
জানা যায়, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার, তার রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ত্রুটির কারণে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে উদ্বেগে ছিলেন। বিষয়টি উক্ত শিক্ষার্থী সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে আনলে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ভুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করেন।
শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের একটি জটিলতা নিরসনের পথ সুগম হয়েছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, জনসেবামুখী প্রশাসনের অন্যতম দৃষ্টান্ত হলো নাগরিকের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে কোনো প্রশাসনিক ত্রুটির কারণে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এ ঘটনায় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নাগরিক সেবার ক্ষেত্রে এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *