রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (পিটিআই), দেবীগঞ্জের ইন্সট্রাক্টর মো. রইসুল ইসলাম প্রামানিক এছাড়া দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম। বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পঠন দক্ষতা সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বাওবি), বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।
শিক্ষার্থীদের সাবলীল উত্তর, পাঠদক্ষতা ও সার্বিক পারফরম্যান্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের চলমান উদ্যোগ আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
