মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদফতরের রাজশাহী কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। কর্মশালা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে যেমন তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে, তেমনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করে তা জনসমক্ষে উপস্থাপন করা। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এর ব্যবহার অবশ্যই নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তবে প্রযুক্তির ব্যবহার কখনোই বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও তথ্য যাচাইয়ের বিকল্প হতে পারে না। সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও নির্ভুল তথ্য উপস্থাপন। এআইকে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম হিসেবে নয়।
তিনি আরো বলেন, ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা যত বাড়বে, ততই ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করা সহজ হবে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরো সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, রাজশাহীর সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণে এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া তথ্য শনাক্তের পদ্ধতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ব সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এ সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *