রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে জমিতে কৃষিকাজ করতে গিয়ে তারা প্রাণ হারান। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের একজন হলেন মো. মামুন ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার বাসিন্দা এবং খাদিমুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিমুলতলী এলাকায় একই সময়ে কৃষক আকাববর আলী খান (৬০), পিতা—লালচান, জমিতে কোদাল দিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে গ্রাম্য চিকিৎসক ডা. নজরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পৃথক এই দুই বজ্রপাতের ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে বজ্রপাতের ঝুঁকি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কৃষিকাজে সতর্ক থাকার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *