সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, ‘সবুজ বিদ্যালয়’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবুজে ঘেরা পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষপ্রেমের মানসিকতা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা পারভিন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সদর ময়মনসিংহ,হোসনে আরা বেগম,প্রধান শিক্ষক,চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ও বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা বিকাশের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *