মো. শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
‘ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক মো. সোহেল পারভেজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অর্জন, মাতৃ ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা এবং সচেতনতা কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *