রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ট্রাকের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী সবিতা রানী ও মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের কাছে আসেন ক্ষিতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ী মঠ মন্দির সংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন তারা।

এ সময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মূল সড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজনের চিৎকারে শিশুটির বাবা-মা ছুটে এসে মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আলীম তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক নিজেই গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *