মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত মিষ্টি পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক চাহিদা অর্জন করেছে। তবে উপযুক্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় মৌসুমে উৎপাদিত পান দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে। এতে কৃষক ও ব্যবসায়ীরা প্রায়ই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। রাজশাহীর মিষ্টি পান ২০২৪ সালে জিআই স্বীকৃতি লাভ করে, যা এ পণ্যের বিশেষ পরিচিতি ও সম্ভাবনাকে আরও বাড়িয়েছে।
স্থানীয় পানচাষি ও ব্যবসায়ীদের মতে, রাজশাহীতে আধুনিক হিমাগার নির্মাণ করা হলে দীর্ঘ সময় পান সংরক্ষণ, বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। এতে কৃষকের লাভ বাড়বে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
কৃষি সংশ্লিষ্ট মহলের দাবি, রাজশাহীর মিষ্টি পানের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।
