মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর হারাগাছ থানার বিশেষ অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হারাগাছ থানাধীন ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৩৪ হাজার প্যাকেট বা প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (৪৮) ও কামাল হোসেন (৫২)।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে প্রায় ৩৪ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
