মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগরাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ২,৬৫০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের মাধ্যমে বুধবার সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর আর্থিক সহায়তা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৌশলগত সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আব্দুর রহমান। সভাপতিত্ব করেন দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের অ্যাকাউন্টস কাম এমআইএস অফিসার রনি শেখ।
আয়োজক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৫৩০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে জনপ্রতি পাঁচটি করে গাছ বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের মধ্যে ছিল জলপাই, আমড়া, ছফেদা, নিম ও অর্জুন। এভাবে মোট ২,৬৫০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব আরও জোরদার হবে।
অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এ উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।
অনুষ্ঠানে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আসলাম উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইনতেখাব আলম, নুরজাহান ও পাভেল মিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *