সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহে সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করার পর সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, গত ১১ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন ময়মনসিংহের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নম্বর খাস খতিয়ানের ৮১৪ নম্বর দাগভুক্ত মাঠ শ্রেণির ০.০১১৫ একর সরকারি ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
দখলমুক্ত হওয়া ওই ভূমিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সোমবার (২২ জুন) সকাল ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবৈধ দখলমুক্ত জমিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার এবং সবুজায়নের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি জমি সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
