মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিদিরপুর বাজার এলাকায় গত তিন রাত ধরে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি খনন করে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বহন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বদের নামের এক ব্যক্তি এ কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, মাটি বহনের সময় ট্রাক্টর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে কাদা ও মাটি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিমহনী বাজারের শরিফুল নামের এক ভাড়া ট্রাক্টর ব্যবসায়ী ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি খনন ও পরিবহন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, এভাবে নির্বিচারে মাটি কাটা ও মহাসড়কে কাদা ফেলার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
