মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁ সদর থানাধীন এলাকায় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিকস সামগ্রীর ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে নওগাঁ জেলা পুলিশ। ব্যবসায়িক বিরোধের জেরে নিজ ব্যবসায়িক অংশীদারের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
পুলিশ জানায়, ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে তদন্ত শুরু করা হয়। নওগাঁ সদর থানায় মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি জয়নুল ও আশরাফুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে নিহত শফিকুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আর্থিক লেনদেনজনিত বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ নিরলসভাবে কাজ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
